জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

ঢাকা, ২২ এপ্রিল – বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের লক্ষ্যে সপ্তাহে একদিন অনলাইনে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
সভায় জানানো হয় যে, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসরণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার জন্য সভায় বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রম সচল রেখে কীভাবে ব্যয় কমানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সংকটের সময় আমাদের সাশ্রয়ী হওয়া অত্যন্ত জরুরি।
তবে এটি নিশ্চিত করতে হবে যেন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয়। তিনি বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে যথাযথ সমন্বয় করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। উক্ত বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









