চার দিনে সৌদি আরব পৌঁছেছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ঢাকা, ২১ এপ্রিল – হজযাত্রা শুরুর প্রথম চার দিনে বাংলাদেশ থেকে ১৫ হাজার ২৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে পৌঁছানো এসব হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ১২ হাজার ৪২৩ জন।
এয়ারলাইন্স ভিত্তিক তথ্যে দেখা যায়, গত চার দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫টি ফ্লাইটে ৬ হাজার ১৮৬ জন, সৌদি এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৪৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৫৩ জন হজযাত্রী পরিবহন করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন।
বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার এই কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









