বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

ঢাকা, ২০ এপ্রিল – জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রতিবেদনে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট সময়ে বাংলাদেশে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে ফেলা হয়েছে। এসব ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে অপসারণ করা হয়। প্রতিবেদনে জানানো হয় যে, বাংলাদেশে অপসারিত ভিডিওর মধ্যে ৯৯.৯ শতাংশ কনটেন্ট প্ল্যাটফর্মের নিজস্ব ব্যবস্থায় আগেই শনাক্ত করা হয়েছিল।

এর মধ্যে ৯৮.৪ শতাংশ ভিডিও আপলোডের ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলা হয়েছে। টিকটক জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত মডারেশন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। ফলে দ্রুত ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণ করা সম্ভব হচ্ছে। এমনকি পুরোনো ভিডিওগুলোও নতুন করে পর্যালোচনা করে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু ভিডিও নয়, আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি কমেন্ট এই প্রান্তিকে সরানো হয়েছে। একই সময়ে বিশ্বব্যাপী মোট ১৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫টি ভিডিও অপসারণ করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে টিকটক প্রায় ১৪ কোটি ৭৭ লাখ ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী সন্দেহভাজন ২ কোটি ৩৮ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অপসারিত ভিডিওর একটি বড় অংশ ছিল প্রাপ্তবয়স্ক বা সংবেদনশীল কনটেন্ট। এছাড়া নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন, ভুল তথ্য প্রচার এবং এআই জেনারেটেড কনটেন্ট হিসেবেও অনেক ভিডিও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language