জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়লেও কাটেনি পাম্পের দীর্ঘ লাইন

ঢাকা, ১৯ এপ্রিল – রাজধানীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি কমেনি।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কর্মজীবী মানুষের ব্যস্ততার মাঝেও তেল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চালকরা দীর্ঘ সময় ধরে তেলের জন্য অপেক্ষা করছেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করার সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নতুন এই দাম রোববার থেকে কার্যকর হবে।

তবে দাম বাড়লেও রাজধানীর আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন, সোনার বাংলা ফিলিং স্টেশন এবং পরীবাগের মেঘনা ফিলিং স্টেশনের চিত্র আগের মতোই রয়ে গেছে।

পাম্পে অপেক্ষারত মোটরসাইকেল চালক শাহীন জানান, তিনি শনিবার সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। রাতে তেল শেষ হয়ে যাওয়ায় তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আরেক চালক হাফিজ জানান, গত দিন দুপুর থেকে লাইনে দাঁড়িয়েও তিনি তেল পাননি।

চালকদের মতে, অনেকে আগে থেকেই তেল মজুত করার চেষ্টা করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন দাম বাড়ার ফলে অবৈধ মজুতদারি কমবে এবং সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। তবে মেজবা উদ্দিন নামের এক ভুক্তভোগী বলেন, কেবল দাম বাড়িয়ে চাপ কমানো সম্ভব নয়, বরং বন্ধ থাকা পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক করা জরুরি।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে। এতে লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে তেলের দাম কমানো হলেও বিশ্ববাজারের অস্থিরতার কারণে পুনরায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে। এছাড়া এপ্রিলের শুরুতে বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বৃদ্ধি করেছিল বিইআরসি।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language