এশিয়া

উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পিয়ং ইয়াং, ১৯ এপ্রিল – ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত ও হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া।

রোববার সকালে দেশটি একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পিয়ংইয়ংয়ের এই সাম্প্রতিক উৎক্ষেপণটি ছিল ধারাবাহিক অস্ত্র পরীক্ষার অংশ। এর আগে দেশটি যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে রোববার সকাল ৬টা ১০ মিনিটের দিকে পূর্ব সাগরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এই ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে। সিউল স্পষ্ট করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শক্তিশালী যৌথ প্রতিরক্ষা অবস্থান বজায় রাখছে। বর্তমানে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

এদিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। পিয়ংইয়ংয়ের যেকোনো ধরণের উস্কানির কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিউল।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language