জাতীয়

চার জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১৮ এপ্রিল – দেশের চারটি জেলায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে যে, উল্লিখিত অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language