নাটোর

নাটোরে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন, ছাত্রদলের পদ হারালেন নেতা

নাটোর, ১৩ এপ্রিল – দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন মাসুদ রানা প্রামাণিক। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। এই ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত মাইক্রোবাস ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা নানা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন। এই শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে মাসুদ রানা প্রামাণিক জানান, জ্বালানি সংকট শুরুর আগেই পবিত্র রমজান মাসে এই শোডাউন করার কথা ছিল। নানা কারণে তা সম্ভব হয়নি। ঈদের পর চালকদের ভাড়ার চাপ কম থাকায় তারা এই কর্মসূচি আয়োজনের পক্ষে ছিলেন। এছাড়া বহরে অংশ নেওয়া বেশিরভাগ গাড়িই এলপিজি এবং সিএনজিচালিত ছিল বলে তিনি দাবি করেন।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং গাড়ি ব্যবহার করছেন না, সেখানে এতগুলো গাড়ি নিয়ে শোডাউন করা নিঃসন্দেহে অনুচিত। কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানোর পর তারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদ রানাকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language