জাতীয়

হাম ও এর উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮২

ঢাকা, ১৩ এপ্রিল – দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং অপর পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ জন শিশু। এছাড়া নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের শরীরে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রকাশিত এই হিসাবটি ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। তবে এই নির্দিষ্ট সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ জন শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ভর্তি হতে হয়েছে ১০ হাজার ৯৫৪ জনকে। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজেদের বাসায় ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

এই সময়ে সবচেয়ে বেশি ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে চারজনের এবং চট্টগ্রাম বিভাগে দুজনের হাম শনাক্ত হয়েছে। দেশের বাকি বিভাগগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button