অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক বৈঠক

ঢাকা, ১৩ এপ্রিল – দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ফের ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় শুরু হওয়া প্রথম ধাপের বৈঠকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, ট্রান্সকম লিমিটেডের করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক কাজী জাহিন হাসান, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাকের সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক অংশ নেন।
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া দ্বিতীয় ধাপের বৈঠকে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইয়েদ জহুরুল আলম, লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
এরপর দুপুর দেড়টায় তৃতীয় ধাপের বৈঠক শুরু হয়। এতে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার এবং তারিক আহমেদ অংশগ্রহণ করেন।
এর আগে গত ৪ এপ্রিল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই আলোচনায় দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকটের বিষয়টি গুরুত্ব পেয়েছিল। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬









