ট্রাম্পের তীব্র সমালোচনার কড়া জবাব দিলেন পোপ লিও

ওয়াশিংটন, ১৩ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার কড়া জবাব দিয়েছেন পোপ লিও চতুর্দশ। ইরান যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে নিয়ে তার কোনো ভয় নেই। তিনি বলেন, গসপেলের বার্তা উচ্চস্বরে প্রচার করতেও তিনি ভীত নন। তার বিশ্বাস, তিনি এবং চার্চ এখানে ঠিক এই কাজটি করার জন্যই রয়েছেন। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এবং সাংবাদিকদের কাছে পোপকে অপরাধের ক্ষেত্রে দুর্বল ও পররাষ্ট্রনীতির জন্য ভয়ঙ্কর বলে মন্তব্য করেন।
রবিবার ট্রাম্প অভিযোগ করেন, পোপ পারমাণবিক নীতি ও আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে মার্কিন স্বার্থবিরোধী অবস্থান নিচ্ছেন। ট্রাম্প আরও দাবি করেন, তিনি এমন কোনো পোপ চান না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকাকে সমর্থন করেন। ট্রাম্প পোপের বিরুদ্ধে উগ্র বামপন্থিদের তোষণ করার অভিযোগ তুলে তাকে রাজনীতিবিদের বদলে একজন মহান পোপ হওয়ার দিকে মনোযোগ দিতে বলেন।
মেরিল্যান্ডের অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি পোপ লিওর খুব একটা ভক্ত নন, কারণ তিনি অপরাধ বন্ধে বিশ্বাস করেন না এবং পারমাণবিক অস্ত্রপ্রত্যাশী ইরানের প্রতি নমনীয়। শনিবার ৭০ বছর বয়সী এই আমেরিকান পোপ বিশ্বনেতাদের প্রতি সহিংসতা ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
এদিকে সোমবার ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি পোপের ওপর ট্রাম্পের এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের মন্তব্যকে ঘৃণ্য উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন প্রকাশ্যে আক্রমণ দিশেহারা অবস্থার লক্ষণ। তিনি আরও উল্লেখ করেন, ইরানে ট্রাম্পের শুরু করা যুদ্ধের ফলে মার্কিন সেনাসদস্য ও ইরানি শিশুরা প্রাণ হারাচ্ছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









