শাহজালাল বিমানবন্দরে সোয়া ২ কোটি টাকার রুপা, ওষুধ ও মদ জব্দ

ঢাকা, ১৩ এপ্রিল – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া দুই কোটি টাকার বেশি মূল্যের রুপার তৈজসপত্র, বিদেশি ওষুধ এবং মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৪ কেজি ওজনের রুপার ব্যবহৃত তৈজসপত্র, ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন ধরনের ওষুধ এবং ১৬ লিটার মদ। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা। সোমবার বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৫৬ এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৪ কেজি রুপার তৈজসপত্র ও ভাঙা অংশ জব্দ করা হয়। সুকৌশলে লুকিয়ে রাখা এসব রুপার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা। অন্যদিকে তুরস্ক থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরবর্তীতে তা পরীক্ষা করে ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা মূল্যের ২৫ হাজার ৯৩৫ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এছাড়া কাতার থেকে আসা কিউআর ৬৩৮ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি গুয়াংজু থেকে আসা বিজি ৩৬৭ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সব পণ্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









