জাতীয়

অধ্যাদেশ বাতিলে জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

ঢাকা, ১৩ এপ্রিল – জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এ বিষয়ক একটি অধ্যাদেশ সম্প্রতি বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নেন। পদত্যাগের পর গণমাধ্যমে একটি খোলাচিঠি পাঠিয়েছেন বিদায়ি সদস্যরা। সোমবার দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল পাস হয়। বিলে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের পর এটি দ্রুত কার্যকর হবে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও ২০০৯ সালে প্রণীত জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনরায় চালুর উদ্দেশ্যে এই বিল পাস করা হয়।

পদত্যাগের বিষয়ে বিদায়ি কমিশনের সদস্য নূর খান জানান, সরকারের পক্ষ থেকে তাদের সরাসরি পদত্যাগ করতে বলা হয়নি। তবে অধ্যাদেশ বাতিলের কারণে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছিল। আগের অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়ায় এবং বর্তমানে সেটি বহাল না থাকায় তারা পদত্যাগ করাই যৌক্তিক বলে মনে করেছেন। অন্যদিকে কমিশনের সচিব কুদরত এ ইলাহী জানান, অধ্যাদেশটি বাতিল হওয়ার কারণে আইনিভাবেই আগের কমিশন বিলুপ্ত হয়ে গেছে। তবে সদস্যদের দেওয়া খোলাচিঠিটি তিনি এখনও দেখেননি বলে উল্লেখ করেন।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language