জাতীয়

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ১৩ এপ্রিল – আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language