মধ্যপ্রাচ্য

ইরাকের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব, হামলার কড়া প্রতিবাদ

রিয়াদ, ১৩ এপ্রিল – সৌদি আরবের ভূখণ্ডে হামলার অভিযোগ তুলে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। ইরাক থেকে সৌদি আরব এবং উপসাগরীয় অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে চালানো হামলার ঘটনায় রিয়াদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সৌদি প্রতিনিধির বৈঠকের একটি ছবিও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে এসব হামলা ইরাকের মাটি থেকে চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলে এমন আনুষ্ঠানিক অভিযোগের ঘটনা এটিই প্রথম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ তোলার মাত্র কয়েকদিন পরই সৌদি আরব এই কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল।

সাম্প্রতিক সংঘাতে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরাকও গভীরভাবে জড়িয়ে পড়েছে। দেশটিতে মার্কিন স্বার্থ এবং বাগদাদের মার্কিন দূতাবাসসহ বিভিন্ন স্থাপনা বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধ চলাকালে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিদিন বিভিন্ন ঘাঁটিতে হামলার দাবি করলেও বুধবার তারা জানায়, সাময়িক যুদ্ধবিরতির কারণে তারা আপাতত অভিযান স্থগিত রাখছে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language