হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর মাইন অপসারণ অভিযান, ইরানের হুঁশিয়ারি

তেহরান, ১৩ এপ্রিল – হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক অভিযান শুরু করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথটি পুনরায় চালু করার লক্ষ্যে মার্কিন নৌবাহিনী সেখানে মোতায়েন করা মাইন অপসারণ করছে। একই সঙ্গে ইরানের সমস্ত বন্দরে একটি নৌ অবরোধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার মার্কিন নৌবাহিনী তাদের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে পাঠিয়েছে।
প্রায় ২০০ কোটি ডলার মূল্যের এই জাহাজ দুটির নাম ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি। মার্কিন সামরিক কর্মকর্তা কুপার জানিয়েছেন, এই অভিযানের মূল উদ্দেশ্য শুধু সন্দেহভাজন হুমকি দূর করা নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি সুনির্দিষ্ট এবং নিরাপদ পরিবহন পথ চিহ্নিত করা, যাতে বাণিজ্যিক জাহাজগুলো আত্মবিশ্বাসের সঙ্গে চলাচল করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানে মিত্রদের সহায়তায় অত্যাধুনিক ও প্রচলিত মাইন অপসারণ পদ্ধতির সমন্বয় করা হয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই অঞ্চলে মার্কিন মাইনসুইপার মোতায়েন রয়েছে। এছাড়া যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরও জানান, প্রণালীটি সম্পূর্ণ সুরক্ষিত করতে কিছুটা সময় লাগলেও খুব শিগগিরই তা কার্যকর হবে। এই কার্যক্রমে উপসাগরীয় দেশগুলোও সহায়তা করছে বলে তিনি জানান। সরাসরি মাইন থাকার সম্ভাবনা রয়েছে এমন জলসীমায় জাহাজ পাঠানোর পরিবর্তে নৌবাহিনী দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার ওপর ব্যাপক জোর দিচ্ছে।
বিশেষ করে ডুবো ড্রোন এবং বিশেষায়িত হেলিকপ্টারের মাধ্যমে জাহাজ পার হওয়ার আগেই হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ চলছে। অন্যদিকে ওয়াশিংটনের এই অভিযানের বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কোনো মার্কিন জাহাজ প্রণালীতে প্রবেশ করেনি। এ ধরনের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়ে থাকে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সম্প্রতি এই গুরুত্বপূর্ণ জলপথটিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









