ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ১৩ এপ্রিল – শান্তি আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। তবে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন তেহরানকে কোনোভাবেই এই অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ইরান এখনও পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা রাখে এবং ইসলামাবাদে বৈঠকের সময় তারা তাদের এই ইচ্ছার কথা স্পষ্টভাবে তুলে ধরেছে। ট্রাম্প আরও জানান তারা এখনও এটি চায় এবং সেদিন রাতেই তারা বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে।
তবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন সরাসরি আলোচনায় ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগে চরম অনিচ্ছা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত দাবি বারবার শর্ত পরিবর্তন এবং অবরোধের কারণে এই আলোচনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









