চট্টগ্রাম বন্দরে পৌঁছাল এলপিজিবাহী দুই জাহাজ, আসছে আরও চার জাহাজ

চট্টগ্রাম, ১২ এপ্রিল – এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। পাশাপাশি গ্যাস বহনকারী আরও অন্তত চারটি জাহাজ আসার অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, শনিবার রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ডিএল লিলি।
অন্যদিকে ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে গ্যাস ক্যারেজ। বর্তমানে জাহাজ দুটি বহির্নোঙরের চার্লি ও ব্র্যাবোতে অবস্থান করছে। বন্দর সূত্রে জানা যায়, আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে কংটং জাহাজের। এছাড়া সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে পল।
আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে প্রবেশ করবে মারান গ্যাস হাইড্রা এবং ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী জাহাজ লবিটো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মেটাতে বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করছে সরকার।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









