শিক্ষা

শিক্ষক সংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ

ঢাকা, ১২ এপ্রিল – শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত এবং শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক এক শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগে বিলম্ব হওয়ার কারণে পাঠদান বিঘ্নিত হচ্ছে। তাই শ্রেণিকক্ষে পাঠদান সুষ্ঠুভাবে পরিচালনা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ ও সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে একটি পুল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ এবং সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদনে সাময়িকভাবে এই পুল থেকে শিক্ষক নিয়োগ করা যাবে। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী ব্যয় নির্বাহ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language