সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বান্দরবানে চাকমা ও তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ

বান্দরবন, ১২ এপ্রিল – সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চার দিনব্যাপী বর্ষবরণ উৎসব শুরু করেছে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়। সকালে শহরের উজানীপাড়া ঘাটে নদীর জলে কলাপাতায় সাজানো নানা রঙের ফুল ভাসিয়ে বিদায়ী বছরের গ্লানি মুছে ফেলার প্রার্থনা করেন এই দুই সম্প্রদায়ের সব বয়সী মানুষ।
তাদের দীর্ঘদিনের বিশ্বাস নদীর জলে গঙ্গা দেবী বসবাস করেন। তাই গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানালে নতুন বছর সবার জন্য কল্যাণকর হয়ে ওঠে। গঙ্গা দেবীর আনুষ্ঠানিক পূজা শেষে প্রতিটি ঘরে নানা রকম সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী খাবার পাজন রান্না করা হয়। অন্যদিকে মারমা সম্প্রদায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানানোর কর্মসূচি গ্রহণ করেছে।
উৎসব উদযাপন কমিটির আয়োজনে সকালে রাজবাড়ি মাঠ এবং উৎসব উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উজানীপাড়া বিসিক মোড় থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন বিকেলে অনুষ্ঠিত হবে পবিত্র বুদ্ধমূর্তি স্নান পর্ব। এছাড়া মারমাদের সাংগ্রাই উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে উৎসবের শেষ দুই দিন।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









