যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

তেহরান, ১২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধিদলটি স্থানীয় সময় রাত ৯টার পর ইসলামাবাদ থেকে রওনা হয়।
আরেকটি ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এই প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতিসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলও আলোচনা ব্যর্থ হওয়ায় ইসলামাবাদ ছেড়ে যায়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে রবিবার পর্যন্ত ইসলামাবাদ টকস শিরোনামে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তারা ২১ ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নিজেদের শর্ত এবং সীমারেখা স্পষ্টভাবে নির্ধারণ করেছিল। কিন্তু ইরানের প্রতিনিধিদল সেই শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলশ্রুতিতে দুই দেশের প্রতিনিধিরাই কোনো সমাধান ছাড়াই পাকিস্তান থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









