জাতীয়

লেবানন থেকে নিহত বাংলাদেশির মরদেহ ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: শামা ওবায়েদ

ঢাকা, ১২ এপ্রিল – লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে নিহত বাংলাদেশি নারীর মরদেহ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিরাপদভাবে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি লেবাননে এক ভয়াবহ হামলায় প্রায় তিনশো জন হতাহত হয়েছেন।

ওই হামলায় এক বাংলাদেশি নারীও প্রাণ হারিয়েছেন। তিনি সেখানে একটি পরিবারের সঙ্গে কাজ করতেন এবং ওই পরিবারের সদস্যরাও হামলায় নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি ওই নারীর বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং স্থানীয় প্রশাসনও তাদের খোঁজখবর নিয়েছে। নিহতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শামা ওবায়েদ।

তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

চলমান এই সংঘাতে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে এই প্রথম কোনো নারী প্রাণ হারালেন। বিদেশ থেকে চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের প্রসঙ্গে তিনি জানান, রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language