বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে জরিপ সম্পন্ন, প্রজ্ঞাপন মে মাসে

বান্দরবান, ১১ এপ্রিল – বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণের লক্ষ্যে সরকারিভাবে বান্দরবানের দুর্গম রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পাহাড় পরিমাপ করা হয়েছে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু চূড়ান্ত করা হচ্ছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুত এসব তথ্য বিশ্লেষণ করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। শুক্রবার রাতে বান্দরবানের সার্কিট হাউসের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন সার্ভে অব বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার।
তিনি জানান, দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ দল গত ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত রুমা ও থানচি এলাকায় কাজ করেছে। সব তথ্য ও উপাত্ত যাচাই করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। তবে তিনি পাহাড়টির নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও সেটি বান্দরবানের ভেতরেই অবস্থিত বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আধুনিক জিওডেটিক পদ্ধতি এবং উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ চালানো হয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাহাড়ের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা মাপা হয়েছে। এতে সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হবে। জরিপ দলটি বান্দরবানের থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দুর দুর্গম এলাকাগুলো পরিদর্শন করে। সেখানে ডুয়াল ফ্রিকোয়েন্সি রিসিভার, টোটাল স্টেশন ও লেভেল মেশিনের মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ জরিপ অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরকার এবং বান্দরবান প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই জরিপের ফলে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং নাকি সাকা হাফং এই দীর্ঘদিনের বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









