কারাবাসের কঠিন অভিজ্ঞতায় জীবনের দৃষ্টিভঙ্গি বদলেছে রাজপাল যাদবের

মুম্বাই, ১১ এপ্রিল – চেক বাউন্স বা চেক প্রত্যাবর্তন মামলায় কারাবাসের অভিজ্ঞতা সম্প্রতি সামনে এনেছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। কারাগারের কঠোর নিয়মকানুন এবং বিপদের দিনে সহকর্মীদের পাশে পাওয়ার ঘটনা তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সম্প্রতি বলিউড পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের ইউটিউব উপস্থিত হয়ে কারাজীবনের নানা দিক তুলে ধরেন এই অভিনেতা। ফারাহ খান রাজপাল যাদবের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে তারা সিনেমা নিয়ে নানা গল্প করেন।
এমনকি রাজপাল তাকে নিজ হাতে রান্না করেও খাইয়েছেন। কথোপকথনের এক পর্যায়ে ফারাহ তার কারাবাসের অভিজ্ঞতা জানতে চান। উত্তরে রাজপাল বলেন, সেখানে তাকে কঠোরভাবে নিয়মশৃঙ্খলা মেনে চলতে হয়েছে। কারাগারে কোনো পাখা ছিল না এবং আরও অনেক ধরনের অসুবিধা ছিল। তবে নিয়মে বাঁধা সেই জীবনের কারণে তিনি এখন যে কোনো জায়গায় মানিয়ে নেওয়ার আত্মবিশ্বাস পেয়েছেন। রাজপালের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মুগ্ধতা প্রকাশ করেন ফারাহ।
কোনো তিক্ততা বা রাগ কাজ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে রাজপাল জানান, তিনি সব ধরনের পরিস্থিতিতেই বাঁচতে শিখেছেন। কারাগারে থাকা অবস্থায় তাকে রান্নাঘর বা অন্য কোনো কাজে যুক্ত হতে হয়নি বলেও তিনি উল্লেখ করেন। রাজপাল জানান, ভারতীয় সিনেমা তাকে অনেক কিছু দিয়েছে এবং বিশ্বে এর ব্যাপক প্রভাব রয়েছে। অনেকেই নাম না জানলেও তার মুখ দেখে তাকে চিনতে পারেন।
তিনি বলেন, কারাগার থেকে বের হওয়ার পর পুরো পৃথিবী তার পাশে ছিল। অনেকেই তাকে নীরবে আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন। সোনু সুদ, তেজ প্রতাপ যাদব, ইন্দ্রজিত রাও, অমিত শর্মাসহ অনেকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ৯ কোটি রুপির চেক প্রত্যাবর্তন মামলায় রাজপাল যাদবকে কারাগারে যেতে হয়েছিল। এগারো দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









