দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ১১ এপ্রিল – দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়েও দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বৃষ্টির পরিধি কিছুটা বেড়ে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিস্তৃত হতে পারে।
এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় পুনরায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









