সাপ্তাহিক ছুটিসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি

ঢাকা, ১১ এপ্রিল – দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১২ এপ্রিল রবিবার থেকে শুরু হয়ে এই ছুটি ১৪ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত চলবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট পাঁচ দিনের টানা ছুটি পাচ্ছেন।
ছুটির তালিকা সূত্রে জানা যায়, ১২ এপ্রিল রবিবার বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পরদিন ১৩ এপ্রিল সোমবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরও একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।
এরপর ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে রবি থেকে মঙ্গল পর্যন্ত তিন দিন ক্লাস বন্ধ থাকবে। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের নিয়মিত সাপ্তাহিক ছুটি যোগ হয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটির আমেজ তৈরি হয়েছে।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









