মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা কর্মী নিহত

বৈরুত, ১১ এপ্রিল – দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বাহিনীর এক হামলায় দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। তবে এই সম্ভাব্য বৈঠকের দিন ও সময় এখনো চূড়ান্ত হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা অত্যন্ত বিরল একটি ঘটনা। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে।

গত ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার এই উদ্যোগ নেওয়া হচ্ছিল। এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছিলেন।

এদিকে ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলের ভাষ্যমতে লেবানন এই যুদ্ধবিরতির চুক্তির অন্তর্ভুক্ত নয়।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language