ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা

ঢাকা, ১১ এপ্রিল – রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর ফলে জনজীবনে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









