মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান

তেহরান, ১০ এপ্রিল – লেবাননে যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই পালন করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার লেবাননে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন মার্কিনিদের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে সেখানে লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন চুক্তির শর্ত অনুযায়ী সেখানে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং তাদের জব্দ করা সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনায় অংশ নেবেন না।

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরানের স্পিকারের এই নতুন শর্তের ফলে বৈঠকটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

জানা গেছে ইরানের প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের স্পিকার জোর দিয়ে বলেন আলোচনা শুরু করার আগেই লেবাননে যুদ্ধবিরতি ও আটকে রাখা সম্পদ হস্তান্তরের শর্ত দুটি যুক্তরাষ্ট্রকে অবশ্যই পূরণ করতে হবে।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language