ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী নিহত

বৈরুত, ১০ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় লেবাননের বৈরুতে দিপালি বেগম নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তিনি মারা যান।
নিহত দিপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মুবার মেয়ে। তিনি দুই বছর আগে জীবিকার তাগিদে লেবাননে গিয়েছিলেন এবং সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
নিহতের ছোট বোন লাইজু বেগম জানান, লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকায় যুদ্ধের তীব্রতা বাড়ায় এক মাস আগে দিপালি তার নিয়োগকর্তার পরিবারের সঙ্গে বৈরুতে চলে আসেন। গত ৮ এপ্রিল সন্ধ্যায় তারা যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে বোমা হামলা হয়। হামলায় দিপালি, তার নিয়োগকর্তা ও পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় দিপালিকে হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সেক ফালু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে দিপালি অভাব ঘোচাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, ঘটনাটি তারা জেনেছেন এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনএন/ ১০ এপ্রিল ২০২৬




