জ্বালানি তেল পেতে বিড়ম্বনা এড়াতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

সিরাজগঞ্জ, ১০ এপ্রিল – জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে এক অভিনব কৌশল অবলম্বন করেছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক যুবক। নূর মোহাম্মদ নামের ওই যুবক জেলা প্রশাসনের দেওয়া নিজের ফুয়েল কার্ডটি সরাসরি তার পরিহিত গেঞ্জিতে প্রিন্ট করে নিয়েছেন। শুক্রবার উপজেলার জামতৈল বাজারে তাকে এই অভিনব গেঞ্জি গায়ে দিয়ে মোটরসাইকেলে চলাফেরা করতে দেখা যায়। নূর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।
তিনি জামতৈল বাজারের সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। জানা যায়, গত ৫ এপ্রিল নূর মোহাম্মদ সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে গেলে পাম্প কর্তৃপক্ষ জানায় যে মূল ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা সম্ভব নয়। তিনি মুঠোফোনে কার্ডের ছবি দেখালেও পাম্প কর্তৃপক্ষ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং বারবার কার্ড প্রদর্শনের ঝামেলা এড়াতে পরদিন ৬ এপ্রিল তিনি একটি গেঞ্জিতে কার্ডের উভয় পাশ প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।
তৈরি করা গেঞ্জির সামনের অংশে ফুয়েল কার্ডের প্রথম ভাগ প্রিন্ট করা হয়েছে, যেখানে তার নাম, পরিচয় ও ছবি যুক্ত রয়েছে। অন্যদিকে পেছনের অংশে কবে তেল পাওয়া যাবে সেই তারিখ এবং প্রয়োজনীয় নির্দেশনাবলি তুলে ধরা হয়েছে। নূর মোহাম্মদ জানান, ফুয়েল কার্ড সাথে না থাকায় বারবার তেল সংগ্রহের ক্ষেত্রে তাকে যে ভোগান্তি পোহাতে হতো, সেটি এড়াতেই তিনি এই ভিন্নধর্মী উপায় বেছে নিয়েছেন। যতদিন তেল সংগ্রহের ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকবে, ততদিন তিনি এই গেঞ্জিটি ব্যবহার করবেন বলেও জানান।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









