শিক্ষা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা, ১০ এপ্রিল – গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ২১টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। এবারের ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১ লাখ ৬৬ হাজার ১০২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৫ এবং ২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান বা ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, মানবিক বা ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং বাণিজ্য বা ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ জন আবেদনকারী রয়েছেন। ভর্তি পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনা বাধ্যতামূলক। এবারের পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে। গুচ্ছভুক্ত এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন্যতম।

এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এই গুচ্ছের অন্তর্ভুক্ত।

পাশাপাশি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতেও এই গুচ্ছ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language