ইউরোপ

ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

মস্কো, ১০ এপ্রিল – ইউক্রেনকে যুদ্ধে নিহত এক হাজার সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। এর বিনিময়ে ইউক্রেনও ৪১ জনের বেশি রুশ সেনার মরদেহ রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। যুদ্ধ বন্দি বিনিময় বিষয়ক ইউক্রেনীয় কেন্দ্র টেলিগ্রাম বার্তায় সেনাদের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের এক হাজার সেনার দেহ কিইভে গ্রহণ করেছে।

অন্যদিকে রুশ আইনপ্রণেতা শামশেইল সারালিয়েভ রাশিয়ার আরবিসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ইউক্রেন ৪১ জনের বেশি সেনার দেহ তাদের কাছে হস্তান্তর করেছে। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ উভয় পক্ষ নিয়মিতভাবে বিনিময় করে থাকে।

কয়েক বছর ধরে চলা এই সামরিক সংঘাতে এটি পারস্পরিক সহযোগিতার কয়েকটি বিরল ক্ষেত্রের মধ্যে অন্যতম। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে। এই যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষের অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language