ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে একযোগে ১২টি বিল পাস

ঢাকা, ৯ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ দিনে একসঙ্গে মোট ১২টি বিল পাস করা হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে অবিকল রেখে ৯টি বিল অনুমোদন পেয়েছে। এছাড়া অধ্যাদেশ রহিত করার মাধ্যমে আরও দুটি বিল এবং একটি বিশেষ বিল পাস করা হয়। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও তাদের পক্ষে প্রতিমন্ত্রীরা সংসদে এই বিলগুলো উত্থাপন করেন।
সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে যেসব বিল পাস হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল ২০২৬, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল ২০২৬, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল ২০২৬, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল ২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল ২০২৬ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬।
পাশাপাশি বাংলাদেশ শ্রম সংশোধন বিল ২০২৬, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৬, আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল ২০২৬, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল ২০২৬ এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল ২০২৬ অনুমোদন পেয়েছে।
অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ রহিত করে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ এবং একই অধ্যাদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল ২০২৬ পাস হয়। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ রহিত করে ২০০৯ সালের আইনটি পুনরায় চালুর উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল ২০২৬ পাস করা হয়েছে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









