মহানগরে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

ঢাকা, ৯ এপ্রিল – শিক্ষার্থীদের জন্য সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি উপস্থিত হয়ে অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। নতুন এ সময়সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার এবং বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।
বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, ডিজিটাল শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করার লক্ষ্যে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে।
আগামী শনিবার থেকে মহানগর ও মেট্রোপলিটন এলাকাগুলোতে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইনে ক্লাস পরিচালনা করবেন। এ সময় ওয়াইফাই সংযোগসহ অন্যান্য আনুষঙ্গিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









