যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

ওয়াশিংটন, ৯ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার ঠিক আগে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মাঠপর্যায়ের পরিস্থিতি বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এবং এর জবাবে ইরানের কঠোর হুঁশিয়ারি বাজারকে অস্থিতিশীল করেছে।
ইরান সতর্ক করেছে যে হামলা চললে তার চূড়ান্ত ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭০ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই এর দাম ২.৮ শতাংশ বেড়ে ৯৬.৯০ ডলারে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগের তুলনায় এই দাম উল্লেখযোগ্য হারে বেশি। বিশ্লেষকদের মতে সংকটের কেন্দ্রে রয়েছে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী। যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল এই পথে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
কিন্তু ইরানের নৌবাহিনী অনুমতি ছাড়া জাহাজ পারাপারে কড়া সতর্কবার্তা দিয়েছে। ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো কিছু দেশ সমঝোতার মাধ্যমে নিরাপদ যাতায়াতের সুযোগ পেলেও সাধারণ বাণিজ্যিক চলাচল এখনো ব্যাহত। প্রতিদিন যেখানে প্রায় ১৩০টি জাহাজ যাতায়াত করত, সেখানে এখন তা তলানিতে নেমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন আজ থেকে চলাচল স্বাভাবিক হলেও জাহাজের জট কমাতে অন্তত ১০ দিন সময় লাগবে।
ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ সিম মোহ সিয়ং জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা এখনো ভঙ্গুর অবস্থায় থাকায় তেলের বাজার অস্থির। ফ্রন্টিয়ার ইকোনমিকসের ড্যানি প্রাইস সতর্ক করে বলেন, ক্ষতিগ্রস্ত শোধনাগারগুলো মেরামতে দীর্ঘ সময় লাগবে, ফলে আগামী এক বছর জ্বালানির দাম চড়া থাকতে পারে। তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিক্কেই এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ব্যাপকভাবে কমেছে। লেবানন এই যুদ্ধবিরতির আওতায় কি না, তা নিয়ে অস্পষ্টতা এবং হিজবুল্লাহর হামলার কারণে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতের আশঙ্কা করা হচ্ছে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









