মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি নিয়ে অস্পষ্টতা, জাহাজ চলাচলে বিকল্প রুট দিল ইরান

তেহরান, ৯ এপ্রিল – যুদ্ধ চলাকালে গত মার্চের শুরুর দিকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে খানিকটা স্বস্তি ফিরে আসে।

বিশ্লেষকদের ধারণা ছিল, এই যুদ্ধবিরতির ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং জ্বালানির দামে যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে তা কমে আসবে। তবে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আসলেই শুরু হয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইসরায়েল এতে সমর্থন জানিয়েছে। তবে ইসরায়েল ইরানে হামলা না চালালেও লেবাননে তাদের অভিযান অব্যাহত রেখেছে।

তেহরানের বক্তব্য হলো, লেবাননে মিত্রদের ওপর ইসরায়েলি হামলা চলমান রেখে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে না। এই কারণে তারা হরমুজ প্রণালি বন্ধ রেখেছে।

বিবিসি জানিয়েছে, দুটি ইরানি সংবাদমাধ্যম জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের বরাত দিয়ে দাবি করেছে, একটি পানামার পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালির কাছে এসে ফিরে যেতে বাধ্য হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকার খবরটি সঠিক নয় বরং সেখানে জাহাজ চলাচল বাড়ছে। তিনি আরও বলেন, এই প্রণালি বন্ধ থাকার বিষয়ে যেসব মিথ্যা প্রতিবেদন ছড়ানো হচ্ছে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবগত আছেন।

বাণিজ্যিক জাহাজবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান এসএসওয়াই বিবিসিকে নিশ্চিত করেছে যে, উপসাগরীয় অঞ্চলে থাকা জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের বা আইআরজিসির কাছ থেকে বার্তা পেয়েছে। বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এটি পার হতে হলে আইআরজিসির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রবেশ করলে জাহাজ ধ্বংস করা হবে।

তবে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসি। মূল সমুদ্রপথে থাকা মাইন এড়িয়ে চলার সুবিধার্থে এই বিকল্প পথ ঘোষণা করা হয়েছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান বিশ্ববাণিজ্যের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সাময়িকভাবে খুলে দিতে রাজি হয়েছে। সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এই পথে পরিবহন করা হয়।

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানায় যুক্তরাষ্ট্র ও ইরান। এখন পাকিস্তানের ইসলামাবাদে এই দুই দেশের শান্তি আলোচনায় বসার কথা রয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language