জাতীয়

দেশজুড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা, নৌপথে সতর্ক থাকার পরামর্শ

ঢাকা, ৮ এপ্রিল – দেশে প্রবেশ করেছে বৃষ্টিবলয় গর্জন, যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ভয়ংকর কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি।

বুধবার একাধিক বার্তায় সংস্থাটি এই সতর্কতা জারি করে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। ইতোমধ্যেই দেশের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার রাতের মধ্যে দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের ঝাড়খণ্ডের ওপর সৃষ্ট বজ্রমেঘ সন্ধ্যায় পশ্চিমবঙ্গে প্রবেশ করে শক্তিশালী কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে। রাতের দিকে এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করার আশঙ্কা রয়েছে, যার ফলে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বেশিরভাগ এলাকায় বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে।

এই বৈরী আবহাওয়ায় রাতের বেলায় নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও সারাদেশে অন্তত দুই দিনব্যাপী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language