নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, হটস্পট আটপাড়ায় বিশেষ টিকাদান

নেত্রকোনা, ৮ এপ্রিল – নেত্রকোনা জেলায় দিন দিন হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত নতুন তিনজনসহ এ পর্যন্ত মোট ১৩ জন রোগীর হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার প্রতিটি হাসপাতালে সন্দেহভাজন রোগীদের জন্য আইসোলেশন শয্যার ব্যবস্থা করা হয়েছে। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশু ওয়ার্ডের ভেতরে ও বারান্দায় ঠান্ডাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের ভিড়।
শিশু ওয়ার্ডের বিপরীত পাশে থাকা পুরোনো ১০০ শয্যার আধুনিক হাসপাতালের মহিলা ওয়ার্ডটিকে বর্তমানে আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে আটপাড়া, মোবারকপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ জানান, প্রতিনিয়ত বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে, সেজন্য এই বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
এদিকে, হামের প্রকোপ বৃদ্ধির কারণে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনাতেও টিকাদান জোরদার করা হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নঈম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে সাতজন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ৭ এপ্রিল পর্যন্ত জেলার ১০টি উপজেলায় মোট ১৫১ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে।
এদের মধ্যে ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ৭ এপ্রিল পর্যন্ত ১০৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। জেলার হটস্পট হিসেবে পরিচিত আটপাড়া উপজেলায় গত ৫ এপ্রিল থেকে ২১ দিনব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার ৭টি ওয়ার্ডেই এই কার্যক্রম চলমান রয়েছে এবং এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা প্রদান করা সম্ভব হয়েছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









