ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, অব্যবহৃত অস্ত্র নিয়ে সতর্ক করলেন জেডি ভ্যান্স

ওয়াশিংটন, ৭ এপ্রিল – মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা তারা এখনও ব্যবহার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এই অস্ত্রগুলোর প্রয়োগ এড়ানো সম্ভব হতে পারে।
হাঙ্গেরি সফরে থাকা অবস্থায় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হয়। এর ঠিক আগেই জেডি ভ্যান্স এই সতর্কবার্তা দেন।
অন্যদিকে সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ রাতেই একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।
জেডি ভ্যান্স উল্লেখ করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই ইতোমধ্যে অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, ইরানকে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট চাইলে সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন এবং ইরান যদি তাদের আচরণের পরিবর্তন না করে, তবে তিনি তা করতে বাধ্য হবেন। ডোনাল্ড ট্রাম্প তার হুমকিতে স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে না নিলে ইরানে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।
ট্রাম্প তার পোস্টে লেখেন, আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে, যা আর কোনোদিন ফিরে আসবে না। যদিও আমি এমনটা চাই না, তবে সম্ভবত এটিই হতে চলেছে।
এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এদিকে ট্রাম্পের এমন হুমকির পর বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের এই হুঙ্কার তার দিন দিন আরও ক্ষুব্ধ ও বেপরোয়া হয়ে ওঠার লক্ষণ।
তার মতে, ট্রাম্প সংকটে রয়েছেন এবং চাইছেন তার হুমকিগুলো যেন ইরানিদের কাছে আরও গুরুত্ব পায়। তবে তিনি স্বীকার করেন, ট্রাম্প নিজের সব হুমকি বাস্তবায়ন করতে না পারলেও ইরানকে বড় ধরনের আঘাত করার ক্ষমতা রাখেন এবং তেহরানও এর সমুচিত জবাব দিতে প্রস্তুত।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









