দাবি না মানলে ইরানে আস্ত সভ্যতা বিলীন হতে পারে: ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ওয়াশিংটন, ৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে নেওয়া না হলে ইরানে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ এক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব দাবি না মানে তবে মঙ্গলবার দেশটিতে একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে যা আর কোনোদিন ফিরে আসবে না। তিনি আরও লেখেন আমি চাই না এমনটা হোক তবে সম্ভবত এটিই হতে চলেছে।
পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন কে জানে কী হয়। ইরানকে দেওয়া মঙ্গলবারের আল্টিমেটাম শেষ হওয়ার পর ট্রাম্প ঠিক কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত জানাননি। তবে এর আগে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে সক্ষম।
তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তার মাত্র কয়েক ঘণ্টা আগে এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









