মধ্যপ্রাচ্য

‘রেড লাইন’ পেরোলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়ানোর কড়া হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৭ এপ্রিল – আমেরিকা যদি রেড লাইন অতিক্রম করে, তবে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যেতে পারে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করার হুমকিও দিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী আবারও স্পষ্ট করে জানাচ্ছে, মার্কিন বাহিনী কোনো রেড লাইন অতিক্রম করলে ইরানের পাল্টা জবাব শুধুমাত্র এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

আইআরজিসি জানিয়েছে, তারা এমন সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে যার ফলে আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এই অঞ্চল থেকে কোনো তেল ও গ্যাস পাবে না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিন নেতাদের এটা হিসাব করার ক্ষমতা নেই যে, তারা ইরানের অবকাঠামোতে হামলা চালালে ইরানি যোদ্ধাদের নাগালের মধ্যে তাদের কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংসের সম্মুখীন হবে।

এছাড়া আমেরিকার আঞ্চলিক মিত্রদেরও সতর্ক করে আইআরজিসি বলেছে, প্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ইরান এতদিন ব্যাপক ধৈর্য ধারণ করেছে এবং পাল্টা আঘাতের ক্ষেত্রে লক্ষ্যবস্তু নির্ধারণে সংযত ছিল। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা আর রাখা হবে না। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language