জাতীয়

হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চট্টগ্রাম, ৭ এপ্রিল – ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক এই ১৮ জনের তালিকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও রয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

জানা গেছে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছিল। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, আজিজুর রহমান, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে এবং তৌহিদুল ইসলাম।

আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। ট্রাইব্যুনাল সূত্র জানায় ২২ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ চারজন বর্তমানে গ্রেফতার রয়েছেন। বাকি পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল যা মঙ্গলবার মঞ্জুর হয়। উল্লেখ্য চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আগেই অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং গত ৫ ফেব্রুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language