কক্সবাজার

টেকনাফে জেলের জালে এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ

কক্সবাজার, ৬ এপ্রিল – বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে টেকনাফের এক জেলের জালে এক টানেই ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। রবিবার বিকেলে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসব মাছ বিক্রির জন্য নিয়ে আসা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা ৩৩ লাখ টাকায় বিশাল এই চালানটি কিনে নেন। শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের একটি ফিশিং ট্রলারে বিপুল পরিমাণ এই ইলিশ ধরা পড়ে। ধরা পড়া প্রতিটি ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে শুরু করে এক কেজিরও বেশি।

সরেজমিনে জেটিঘাটে দেখা যায়, জেলেরা সমুদ্র থেকে আসা ট্রলার থেকে ঝুড়ি ভরে ইলিশ ঘাটে তুলছেন। কেউ সেই মাছ বরফ দিয়ে ককশিটের বাক্সে ভরছেন, আবার কেউ গাড়িতে তুলছেন। চারদিকে যেন এক উৎসবের আমেজ বিরাজ করছে। ট্রলারের মাঝি নুরুল ইসলাম জানান, শুক্রবার সকালে ১৫ জন জেলে নিয়ে তারা সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারে যান। প্রথমদিকে তেমন মাছ না পেলেও রবিবার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণের মতো ইলিশ ধরা পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ী ফারুকের কাছে মাছগুলো ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

দীর্ঘদিন পর জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীরা অত্যন্ত আনন্দিত। শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গনি বলেন, বেশ কিছুদিন ধরে সাগরে কম ইলিশ ধরা পড়ছিল। এতে বাজার খরচ জোগাড় করতে না পেরে জেলেরা হতাশ হয়ে পড়েছিলেন। এই ইলিশ বিক্রির মাধ্যমে জেলেরা তাদের আগের লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। ভালো দাম পাওয়ার আশায় ব্যবসায়ীরা এসব ইলিশ ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম জানান, ইলিশের প্রজনন বাড়াতে সরকারের দেওয়া ৬৫ দিন এবং অক্টোবরের ২২ দিনের নিষেধাজ্ঞা জেলেরা মেনে চলেছেন। মাছ ধরা বন্ধ থাকার কারণে ইলিশের প্রজনন ও আকৃতি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এখন জেলেরা প্রচুর ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language