যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের আশায় ইরান থেকে দূরত্ব বাড়াচ্ছে উত্তর কোরিয়া

পিওং ইয়ং, ৬ এপ্রিল – দীর্ঘদিনের মিত্র ইরান থেকে ক্রমশ দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের পথ খোলা রাখার উদ্দেশ্যেই পিয়ংইয়ং এই কৌশল গ্রহণ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেন আইনপ্রণেতা পার্ক সুন ওন।
তিনি জানান যে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া ইরানকে নতুন করে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার খবরের পরও পিয়ংইয়ং কোনো আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করেনি। খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাঠানো হয়নি।
গোয়েন্দা সংস্থাটি আরও জানায় যে চীন ও রাশিয়া নিয়মিত বিবৃতি দিলেও উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র দুটি তুলনামূলক নমনীয় বিবৃতি দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় পিয়ংইয়ং সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমালোচনা এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে। গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উল্লেখ করা হয়েছে সম্ভাব্য কূটনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যেই উত্তর কোরিয়া এমন সংযত অবস্থান নিয়েছে। বিশেষ করে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠককে সামনে রেখে পিয়ংইয়ং পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









