জাতীয়

ইলিশের উৎপাদন বাড়লে দাম সাধারণের নাগালে আসবে: মৎস্যমন্ত্রী

ঢাকা, ৬ এপ্রিল – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। ইলিশের সরবরাহ বাড়লে বাজারে এর দাম কমে আসবে এবং তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ইলিশ সম্পদ রক্ষা ও এর উৎপাদন বৃদ্ধিতে মঙ্গলবার ৭ এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি চলবে। দেশের ২০টি জেলায় বিশেষভাবে এই সপ্তাহ উদযাপন করা হবে এবং চাঁদপুরে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাটকা ধরা, ক্রয় বিক্রয় ও মজুত করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এই সময়ে সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, সরকার বাণিজ্যিকভাবে কোনো ইলিশ রফতানি করে না। ভারতে যা পাঠানো হয় তা কেবলই সৌজন্যমূলক উপহার। আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সেই বিষয়ে সরকারপ্রধান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, জাটকা সংরক্ষণে জেলেদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসহ অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language