মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমেছে

ঢাকা, ৬ এপ্রিল – চলতি বছরের মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে তথ্য প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
গতকাল বিবিএস কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে মার্চ মাসে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে যা আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে মার্চ মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ এবং শহরাঞ্চলে এই হার ছিল তুলনামূলক কিছুটা কম অর্থাৎ ৮ দশমিক ৬৮ শতাংশ। সার্বিকভাবে খাদ্যের দাম কমায় সামগ্রিক মূল্যস্ফীতিতে এই ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









