জাতীয়

১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

বরগুনা, ৫ এপ্রিল – দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে একযোগে এই কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। এর আগে কোনো শিশু টিকা পেয়ে থাকলেও চলমান এই ক্যাম্পেইনে তারা পুনরায় টিকা নিতে পারবে।

গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান যে দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথম পর্যায়ে কেবল ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় এই বিশেষ টিকাদান চলবে এবং পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও তা সম্প্রসারণ করা হবে।

যেসব এলাকায় এই কর্মসূচি চলছে তার মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুরের বিভিন্ন উপজেলা। স্বাস্থ্যমন্ত্রী আরও স্পষ্ট করেন যে বর্তমানে অসুস্থ থাকা কোনো শিশুকে এই মুহূর্তে হামের টিকা দেওয়া হবে না। তবে যেসব শিশু ইতোমধ্যে হামে আক্রান্ত হয়েছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language