জাতীয়

সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত কাউন্সিল আয়োজনে জোর বিএনপির

ঢাকা, ৫ এপ্রিল – দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে সরকারের ঘোষিত ৪৭ দিনের কর্মসূচির অগ্রগতি ও কার্যকারিতা নিয়েও পর্যালোচনা করেছে দলটি।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত ১১টার দিকে।

বৈঠকে দলীয় কার্যক্রম, বর্তমান সাংগঠনিক অবস্থা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, দলের সাংগঠনিক বিষয়গুলো বৈঠকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। দলকে আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় কাউন্সিল আয়োজনের পক্ষে মত দিয়েছেন উপস্থিত নেতারা। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করা হয়।

কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি এবং অগ্রগতি নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং ড. খন্দকার মোশাররফ হোসেন।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language