জাতীয়

ছয় থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৪ এপ্রিল – হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে টিকা নেওয়া থাকলেও এই বয়সী শিশুদের পুনরায় টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি হাম-রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

অতীতে টিকাদানের হার কমে যাওয়ার বিষয়ে তদন্ত করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে সরকার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের মানুষকে বাঁচানো এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা চলছে।

শিশু হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান, হঠাৎ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান আইসিইউ সক্ষমতার ওপর ব্যাপক চাপ পড়েছে। রাতারাতি আইসিইউ শয্যা বাড়ানো কঠিন হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যাদের জরুরি ভিত্তিতে আইসিইউ প্রয়োজন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী এবং অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language