জাতীয়

সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই অপরিহার্য: তথ্যমন্ত্রী

পাবনা, ৪ এপ্রিল – গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার বা প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের ব্যাপক প্রসার ঘটলেও এর বড় একটি অংশই বিভ্রান্তিকর।

কেবল ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে কোনো কিছুকে সঠিক তথ্য হিসেবে গণ্য করা উচিত নয়। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে কঠোরভাবে তথ্য যাচাই করতে হবে। বস্তুনিষ্ঠতা বজায় রাখতে তথ্যের বিশাল ভাণ্ডার থেকে সঠিক তথ্যটি বেছে নেওয়া এবং গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী আরও জানান, সরকার বর্তমানে একটি প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকিং কাঠামো তৈরির জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম যদি সঠিকভাবে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিশ্চিত করতে পারে, তবে সমাজ থেকে গুজব এবং মিথ্যা সংবাদ চিরতরে নির্মূল করা সম্ভব হবে। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার এবং পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language